২০২৫ সালের মধ্যে বিদ্যুতের সব গ্রাহককে প্রিপেইড মিটারেরআওতায় আনা হবে

বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সংসদকে জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে বিদ্যুতের সব গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হবে। গতকাল মঙ্গলবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

নসরুল হামিদ জানান, বর্তমানে দেশে ১৭ লাখের বেশি বিদ্যুত্ গ্রাহককে পোস্টপেইড থেকে প্রিপেইড মিটারের আওতায় আনা হয়েছে। ২০২১ সালের মধ্যে শহর এলাকা এবং ২০২৫ সালের মধ্যে গ্রাম এলাকার সব গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হবে।

স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলামের প্রশ্নের জবাবে বিপু জানান, দেশের নদীবক্ষের বালুতে মূল্যবান খনিজের উপস্থিতি আছে কিনা তা নির্ণয় ও এর অর্থমান নির্ধারণে মন্ত্রণালয়ের অধীন ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর কাজ করে যাচ্ছে। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান,  হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও কুমিল্লার গেজেটভুক্ত স্থান থেকে সিলিকা বালু তোলা হয়।