৫ জানুয়ারি ২০ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে কুমিল্লার চান্দিনায় শিবিরের গোপন বৈঠকের সময় সভাপতিসহ ১৭ শিবির কর্মীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
রবিবার দুপুর ১২টায় চান্দিনার সদর এলাকার ‘হাজী ভিলা’ নামক একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় একটি ডেক্সটপ কম্পিউটার, দুইটি ল্যাপটপ কম্পিউটার, বিভিন্ন জিহাদি বই, সমাবেশের চাঁদা আদায়ের রশিদ বইসহ বিভিন্ন গোপন সামগ্রী উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামের ‘চান্দিনা উপজেলা শিবির’র সভাপতি আনিছুর রহমান (২৫), একই উপজেলার ধামতি গ্রামের আবু তাইয়েইদ (২১), বক্রিকান্দি গ্রামের সফি উল্লাহ (২০), চান্দিনা উপজেলার হারং গ্রামের আবু হানিফ (২২), একই গ্রামের আল আমিন (২৪),সাইফুল ইসলাম (২২), ফরহাদ উদ্দিন (২৩), একই উপজেলার বাড়েরা গ্রামের কাউসার আহমেদ (২১), পিপুইয়া গ্রামের ইকরাম হাসান (২২), বসন্তপুর গ্রামের মাসুম (২১), বাতাঘাসী গ্রামের আবুল কাশেম (২৩), তার ছোট ভাই হাফেজ মো. সালাউদ্দিন (২১), মাইজখার গ্রামের হাবিব উল্লাহ (২১), নাজিরপুর গ্রামের শরীফুল ইসলাম (২৩), চৌদ্দগ্রাম উপজেলার নারায়ণপুর গ্রামের ইমরান হোসেন (২৩), মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামেরকামাল হোসেন (৩০), বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের আবু নোমান (২৩)।
পুলিশ জানায়, আগামীকাল সোমবার ২০ দলীয় জোটের সমাবেশে নাশকতার উদ্দেশে চান্দিনা মেডিক্যাল সেন্টার ও উত্তরা ব্যাংকের বিপরীত পাশের হাজী ভিলা নামক একটি বাসায় বাহিরে তালা ঝুঁলিয়ে গোপন বৈঠক করছে শিবির কর্মীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।
চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্সেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে।