ধর্ষণ ও শ্বাসরোধ করে দশ বছরের শিশুকে হত্যা

নরসিংদীর মনোহরদীতে ধর্ষণের পর রাহিমা আক্তার নামে দশ বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে মনোহরদী উপজেলার কাহেতেরগাঁও গ্রামের নিজ বাড়ী থেকে ১০০ ফুট দূরের কৃষি জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে কিরণ মিয়া (২৮) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে কাহেতেরগাঁও গ্রামের দিনমজুর আব্দুল আউয়ালের মেয়ে ও পাঁচহাতি কালিদাকোনা (রেজি:) বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী রাহিমা আক্তার টিভি দেখার জন্য পাশের বাড়ীতে যায়। টিভি দেখে বাড়ী ফেরার পথে দুর্বৃত্তরা শিশুটিকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর তার মৃতদেহ বাড়ীর পাশের একটি জমিতে ফেলে রাখে। এদিকে টিভি দেখা শেষে বাড়ী না ফেরায় আত্মীয় স্বজনরা রাতেই বিভিন্ন স্থানে খোঁজ করে শিশুটির খোঁজ পায়নি। রবিবার সকালে গ্রামের লোকজন বাড়ীর পাশের কৃষি জমিতে শিশুটির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সুরতহাল রিপোর্টের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষনের পর শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।