শেষমেষ ভালেন্সিয়া হারালো রিয়ালকে

লা লিগায় টানা জয়ের বিশ্ব রেকর্ড গড়া হলো না রিয়াল মাদ্রিদের। রোববার রাতে ২-১ গোলে হেরে গেছে তারা।

অবশ্য খেলার শুরুতে রিয়াল জিতবে এমনটিই মনে হচ্ছিল। ভালেন্সিয়ার ডি বক্সে তাদেরই ফরোয়ার্ড আলভারো নেগ্রেদোর হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। তা থেকেই গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো।
উল্লেখ্য, লিগের এবারের আসরে ১৫ ম্যাচ খেলা রোনালদোর এটা ২৬তম গোল। ১৫ গোল করে গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি।
এরপর দ্রুত আরও কয়েকটা গোছানো আক্রমণ করে রিয়াল। কিন্তু ভ্যালেন্সিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। এমনকি ৩৪তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন রোনালদো।
৫২তম মিনিটে ডিফেন্ডার আন্তোনিও বারাগান ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন। বলের দিকে লক্ষ্য রেখে ডান দিকে ঝাঁপিয়ে পড়েন রিয়ালের গোলরক্ষক ইকের কাসিয়াস। কিন্তু ডিফেন্ডার পেপের পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়।
সমতায় ফেরার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে ভালেন্সিয়া। এরপর তারা আক্রমণাত্মক খেলা শুরু করে। ৬৫তম মিনিটে মিডফিল্ডার দানিয়েল পারেহোর কর্নারে হেড করে জয়সূচক গোল করেন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।
শেষ ১০ মিনিটে বেশ কয়েকটা সুযোগ পায় রিয়াল। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি তারা।

উল্লেখ্য, ভ্যালেন্সিয়ার কাছে হারলেও সর্বোচ্চ ৩৯ পয়েন্ট নিয়ে এখনো লিগের শীর্ষে আছে রিয়াল।