আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, স্বাধীন বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। একাদশ জাতীয় সংসদে স্বাধীনতাবিরোধীদের কোনো স্থান হয়নি। অথচ বিএনপি সরকারের সময় মন্ত্রী পর্যন্ত তারা করেছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘বাংলা ভাষা আন্দোলন:অসাম্প্রদায়িক জাতিসত্তার বিজয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘সম্প্রীতি বাংলাদেশ’ সেমিনারের আয়োজন করে।
তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে পরিকল্পিতভাবে দেশ চলছে। গত দশ বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিস্ময়কর উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের একমাত্র কারণ পরিকল্পিতভাবে দেশ পরিচালনা করা। কিন্তু বিএনপি জামায়াত কোন পরিকল্পনা ছাড়াই দেশ চালিয়েছে। ‘সম্প্রীতি বাংলাদেশ’ সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্ব সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হারুন হাবীব। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. বিমান বড়ুয়া প্রমুখ।