জামায়াত ছাড়া বিএনপিকে শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি

রাজশাহীতে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন




নগরীর উপ-শহর এলাকায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের উত্তরাঞ্চলীয় শাখা কার্যালয়ে রবিবার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  
এদিকে বিএনপি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের পাল্টা-পাল্টি সমাবেশ নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে নগরীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন এবং আরও দুই প্লাটুন বিজিবি স্ট্যান্ডবাই রাখা হয়েছে। রাজশাহীস্থ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার-উল-আলম এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া জামায়াতকে বাদ দিয়ে বিএনপিকে সমাবেশ করার জন্য পুলিশ মৌখিক অনুমতি দিয়েছে বলে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দাকার নূর হোসেন জানিয়েছেন। তিনি আরও জানান, মহানগর বিএনপিকে ভ‚বনমোহন পার্কে এবং জেলা বিএনপিকে রাজশাহী কলেজে সমাবেশ করার জন্য শর্তসাপেক্ষে মৌখিকভাবে অনুমতি দেয়া হয়েছে। সমাবেশ থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো হলে তার দায়ভার গ্রহণ করতে বিএনপির নেতারা গ্রহণ করতে সম্মত হওয়ায় তাদের মৌখিকভাবে অনুমতি দেয়া হয় বলে ওসি দাবি করেন।
ওসি জানান, রবিবার শেষ রাতের দিকে (সোমবার ফজরের নামাজের আগে বা পরে) মহানগর আওয়ামী লীগের উপ-শহর এলাকার উত্তরাঞ্চলীয় শাখা অফিসে আগুন দেয়ার ঘটনায় জড়িত সন্দেহে জামায়াতের কর্মী আব্দুর রশীদ দেওয়ানকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন আজ সোমবার সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওসি জানান, মুখোশধারী দুর্বৃত্তরা আগুন দিয়ে পালানোর সময় আতঙ্ক সৃষ্টির জন্য একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। আগুনে ওই কার্যালয়ে থাকা জাতীয় চারনেতার ছবি, দুইটি মোটরসাইকেল ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে রাজশাহী সদর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যায়। কিন্তু তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
আরএমপির কমিশনার মোঃ শামসুদ্দিন জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। বিশৃঙ্খলা ও  নাশকতায় সহ্য করা হবে না। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।