নাটোরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ২


নাটোরের তেবাড়িয়া হাটে স্থানীয় আওয়ামী লীগ-বিএনপি মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০জন। সোমবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেবাড়িয়া উত্তরপাড়ার চাঁন মিয়ার ছেলে রাকিব হোসেন ও একই এলকার রায়হান আলী। তারা দুজনেই ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।
এদিকে এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নাটোর জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, সোমবার সকালে শহরের তেবারিয়া এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা দুই দলের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে সংঘর্ষ এবং গুলাগুলি শুরু হয়। এ সময় আহত হয় অনেকে। এদের মধ্যে আহত রাকিব হোসেন ও রায়হান আলীকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে র‌্যাব পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। বিস্তারিত না জেনে কিছুই বলতে পারছেন না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক বলেন, সকাল ১১টার দিকে ২০ দলীয় জোটের জনসমাবেশে আসার প্রস্তুতি নিলে পুলিশের সামনেই আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকাশ্যে গুলি করে ছাত্রদলের দুজনকে হত্যা করেছে।
ঘটনার পর পরই জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা।  
উল্লেখ্য, সোমবার সকালে শহরের আলাইপুর এলাকায় গণতন্ত্র হত্যা দিবস ও কানাইখালী এলাকায় গণতন্ত্র মুক্ত দিবস পালনের কর্মসূচি দেয়।