নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০

 
নারায়ণগঞ্জে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পৃথক পৃথক সংঘর্ষে অন্তত ১০জন গুলিবিদ্ধসহ আরো ২০জন আহত হয়েছেন। সোমবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় বন্দরের নবীগঞ্জ এলাকাতে সাবেক এমপি আবুল কালাম ও মহানগর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে কালো পতাকা মিছিল বের করে। ঐ সময়ে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময়ে নেতাকর্মীরা পুলিশের একটি পিকআপে আগুন দেয়। পরে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়লে বিএনপির নেতাকর্মীরা পিছু হটে।
মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা জানান, পুলিশের ছোড়া গুলিতে অন্তত ১০জন গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছে আরো ১৫-২০জন।
বন্দর থানার ওসি নজরুল ইসলাম জানান, বিএনপির নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ ফাকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে মিশনপাড়া এলাকা থেকে ছাত্রদলের একটি মিছিল বের হয়। মিছিলটি চাষাঢ়ার দিকে যাওয়ার সময়ে শহরের বাগে জান্নাত মসজিদের সামনে আসা মাত্র পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে থাকা নেতাকর্মীরাও ছাত্রদলের মিছিলকে ধাওয়া করলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ গুলি করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, পুলিশ ৩৩ রাউন্ড ফাঁকা গুলি করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।