বিএনপি’র মিছিলে আওয়ামী লীগের হামলা, গুলি-টিয়ারশেল

খাগড়াছড়িতে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন নেতা-কর্মী আহত  হয়েছেন। সোমবার সকালে জেলা শহরের শাপলা চত্বর, ভাঙ্গাব্রীজ, পেঙ্গুইন মোড় এলাকায় থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের গুলি ও রাবার বুলেট ছুঁড়েছে পুলিশ। জেলা শহরে মোতায়েন করা হয়েছে এক প্লাটুন বিজিবি।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে বিএনপি নেতা-কর্মীরা ভাঙ্গাব্রীজ এলাকা থেকে কালো পতাকা হাতে মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় শাপলা চত্বরে অবস্থান নেয়া আওয়ামী লীগ কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ৪০ রাউন্ড শর্ট গানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। জবাবে বিএনপি কর্মীরা লাঠিসোঁটা, ইটপাটকেল ও ককটেল হামলা চালায়। এ সময় ত্রিমুখী সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হন। প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের কারণে খাগড়াছড়ি শহরে যান চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
এদিকে জেলা বিএনপি নেতারা বলছেন, তাদের তিন কর্মী গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের দাবি. বিএনপি’র হামলায় তিন জন গুলিবিদ্ধসহ ১২ জন আহত  হয়েছেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা শহরে এক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।