হবিগঞ্জে ৮৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

হবিগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার পর্যন্ত পুলিশ এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে রবিবার বেলা ২টায় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমদের নেতৃত্বে শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ ও যানবাহনে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে কয়েকজনকে আটক করলে নেতাকর্মীরা পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বেশ কয়েকটি গাড়ি ও জেলা শিক্ষা অফিসে ভাংচুর করে। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। 
ওসি নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় দ্রুত বিচার আইনে ৮৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।