ডিএসইর সূচক ও লেনদেন কমেছে

 
সোমবার রাজনৈতিক অস্থিরতার প্রভাবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনে পতন হয়েছে।
লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ারের দাম কমেছে। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, রাজনৈতিক দুশ্চিন্তা বৃদ্ধির ফলে বিনিয়োগকারীরদের মধ্যে বিনিয়োগ প্রবণতা কমেছে। ফলে বেশিরভাগ শেয়ারের দাম কমার পাশাপাশি মোট লেনদেনও কমে গেছে।
তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২০৪ কোটি ৪২ লাখ টাকা। যা কর্মদিবসের চেয়ে ২৩ কোটি ১১ লাখ টাকা কম।
লেনদেনকৃত ৩০৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে ১৫ হাজার ১১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৫ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৭ কোটি টাকা কম।
লেনদেনকৃত ২৩৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৫৫টির কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের।
এদিকে বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
 মঙ্গলবার থেকে ‘এ’ ক্যাটাগরিতে কোম্পানিটির লেনদেন শুরু হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, অলটেক্স ইন্ডাস্ট্রিজ গত ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে  শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। এতে কোম্পানিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ইউনাইটেড পাওয়ার  জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিসিএল) আবেদন শুরু হবে ১৮ জানুয়ারি থেকে। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। প্রবাসী বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন ৩১ জানুয়ারি পর্যন্ত।
ইউনাইটেড পাওয়ার পুঁজিবাজারে ৩ কোটি ৩০ লাখ শেয়ার ছেড়ে ২৩৭ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে ১০ টাকা ফেসভ্যালুর সাথে ৬২ টাকা প্রিমিয়াম সহ ৭২ টাকা দরে শেয়ার ইস্যু করবে বাজারে। এর মধ্যে ৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকী ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী, এনআরবি, মিউচুয়াল ফান্ড ও সাধারণ বিনিয়োগকারীরা পাবেন।