পদ্মভূষণের জন্য সাইনার নাম

 
ভারতের ক্রীড়া মন্ত্রণালয় দেশটির ব্যাডমিন্টন তারকা সাইনা নেহালকে দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক উপাধি পদ্মভূষণের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার টাইমস অফ ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়েছে।
পদ্মভূষণের সুপারিশের খবর জানার পর সংবাদ মাধ্যমের কাছে দেয়া প্রতিক্রিয়ায় এই ব্যাডমিন্টন তারকা বলেন, 'আমার নাম প্রস্তাব করায় আমি সনোয়াল স্যারের কাছে কৃতজ্ঞ। যেসব লোক এই পুরস্কারের জন্য উপযুক্ত তাদের কথা প্রথমে বিবেচনা করা উচিৎ।'
এর আগে ভারতের ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি আখিলেস দাসগুপ্ত সাইনাকে মনোনীত করার ব্যাপারে জোর সুপারিশ করেন এবং তিনি এটি পাওয়ার উপযুক্ত বলে উল্লেখ করেন।
এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য গত ৯ আগস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রণালয় বরাবরে একটি চিঠিও প্রেরণ করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এমন কোন সুপারিশ করা হয়নি।
এরকম পাল্টা-পাল্টি বক্তব্য নিয়ে অ্যাসোসিয়েশন ও মন্ত্রণালয়ের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।