বাণিজ্য ক্ষেত্রে জটিলতা দূর করতে রাশিয়ার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বাংলাদেশ। আগামী মার্চেই এ চুক্তি করা হবে। এতে বাণিজ্যের জন্য বাজার উন্মুক্ত হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার ইগনাটোভ-এর সাথে মতবিনিময় করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ সাংবাদিকদের এ সব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, রাশিয়ার সাথে আমাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। কিছু জটিলতার কারণে বাংলাদেশের সাথে রাশিয়ার বাণিজ্য আশানুরূপ বৃদ্ধি পায়নি। সে কারণেই রাশিয়ার সাথে বাংলাদেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। তখন আর কোন বাণিজ্য জটিলতা থাকবে না।
উল্লেখ্য, রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, সি-ফুড, আলু, ওষুধ প্রভৃতি পণ্যের বিপুল চাহিদা রয়েছে। এ চুক্তির ফলে রাশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, রাশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক, সি-ফুড, আলু, ওষুধসহ অনেক পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। রাশিয়া এগুলো বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী। সমঝোতা স্বাক্ষর হলে বাংলাদেশের সাথে রাশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাবে। এরপর বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভারউইগ-এর সাথে মতবিনিময় করেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম, অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।