গোদাগাড়ীতে প্রতিবন্ধী শিক্ষককে পিটিয়ে মারলো তার ভাইয়েরা

রাজশাহীর গোদাগাড়ীতে প্রতিবন্ধী এক শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে তার আপন ভাইয়েরা। নিহত আব্দুস সালাম ইজ্জাতুন নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। 

জানা যায়, গত শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে আব্দুস সালামের সঙ্গে তার ভাইদের জমিজমা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার ভাই খালেক, রাকিব ও রইসুদ্দিনসহ ৬/৭ জন রড ও লাঠি দিয়ে আব্দুস সালামকে পেটাতে থাকে। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই খালেক, রাকিব ও রইসুদ্দিনসহ মামলার আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে।
প্রসঙ্গত: আব্দুস সালাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে এবং তার ভাইয়েরা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে এলাকাবাসী জানায়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ বলেন, আসামিদের আটক করতে পুলিশী অভিযান অব্যহত রয়েছে।