নারায়ণগঞ্জে ছাত্রদলের মিছিলে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও গুলি ছুড়েছে এমন অভিযোগের সত্যতার প্রমাণ দিয়েছেন খোদ জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম। তার দায়ের করা জিডিতে তিনি নিজে দুই রাউন্ড গুলি করেছে তা উল্লেখ করেছেন।
সোমবার সকালে শহরের চাষাঢ়া এলাকাতে ছাত্রদলের একটি মিছিল চাষাঢ়ার দিকে এগুনোর সময় বাধা দেয় পুলিশ। তখন পুলিশের ৩৩ রাউন্ড গুলির সাথে যুবলীগ ও ছাত্রলীগের নেতারাও একযোগে ধাওয়া করে। এক পর্যায়ে যুবলীগ ও ছাত্রলীগের লোকজনও গুলি ছুড়তে শুরু করেন, এমন অভিযোগ ছাত্রদল নেতাদের।
এ ব্যাপারে মঙ্গলবার সকালে শাহ নিজাম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করেছেন। এতে তিনি উল্লেখ করেছেন, 'গত ৫ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিজয় র্যালি ছিল। তা দেখতে বেলা ১১টা ৫ মিনিটের সময় মিশনপাড়া মোড়ে পৌছার পর পূর্ব পরিকল্পিতভাবে পূর্ব হতে অবস্থানরত ছাত্র দলের নেতা মাসুকুল ইসলাম রাজীব ও জামায়াত সমর্থিত শিবিরের কিছু ক্যাডাররা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমার উপর হামলা করে। আমি আমার আত্মরক্ষার্থে নিজের নামে লাইসেন্স করা পিস্তল দিয়ে ২ রাউন্ড ফাকা গুলি ছুড়ি।'