সুন্দরবন রক্ষায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের গণস্বাক্ষর অভিযান

 
সুন্দরবন রক্ষা সহ বিভিন্ন দাবিতে লাখো গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। তারই অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলা শাখা স্বাক্ষর সংগ্রহ শুরু করেছে।
সকাল থেকে শুরু করে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৪’শ জনের স্বাক্ষর সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন জেলার সংগঠক সজল বাড়ৈ।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের দাবি, সুন্দরবনের অস্তিত্বকে বিপন্ন করা চলবে না। এছাড়াও বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়েছে।
সুন্দরবনের ভেতর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ, ছড়িয়ে পড়া তেল অপসারণ, দোষীদের শাস্তি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ, এবং রামপালসহ সুন্দরবন ধ্বংসকারী সকল প্রকল্প বাতিল করার দাবি জানান সজল বাড়ৈ।
এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক আবদুল খালেক, উপদেষ্টা আবু নাঈম খান বিপ্লব। জেলা সংগঠক সুলতানা আক্তার, জেসমিন আক্তার, বেলাল হোসেন, বাপন সাহা প্রমুখ।