প্রায় এক মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৩০০ কোটি টাকার গণ্ডি পার হয়েছে। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫৬ শতাংশ বেশি। লেনদেন বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে লাফার্জ সুরমা সিমেন্ট, ডেসকো ও অগ্নি সিস্টেমস। এ দিকে, লেনদেন বাড়ার সাথে সাথে ডিএসইর সার্বিক মূল্যসূচকও বেড়েছে।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৬০ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১১৫ কোটি ১৭ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৩২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৩ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১০ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের।
এ দিকে মঙ্গলবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নতুন তালিকাভুক্ত শাহজীবাহার পাওয়ার কোম্পানি। এ দিন শেয়ারটির দর বেড়েছে ১৭ টাকা ১০ পয়সা বা ১০ দশমিক ১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৮৮ টাকা দরে লেনদেন হয়। ৭৭ হাজার ৩১টি শেয়ার ৫৪৬ বার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১ কোটি ৩১ লাখ টাকার।
ডিএসই জানিয়েছে, সিরামিক খাতের স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারদর বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। শেয়ারদর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসইর দেয়া নোটিসের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিগত পাঁচ কার্যদিবস একটানা বেড়েছে স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারদর। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৬.১০ টাকা।