গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রাম থেকে মধু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তার লাশ উদ্ধার করা হয়। মধু মিয়া ওই গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মোস্তাফিজার রহমান জানান, মধু মিয়া তার আপন বড় ভাই রমজান আলীর পরিবারের সঙ্গে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেঙ্গুলিয়া গ্রামে থাকতেন। মঙ্গলবার ভোর রাতে শয়ন ঘরের ভিতর তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের লোকজন লাশ দাফনের জন্য আজ দুপুরে মুধু মিয়ার গ্রামের বাড়ি জামুডাঙ্গায় নিয়ে আসেন।
তিনি আরও জানান, কিন্তু মধু মিয়ার ছোট বোন বেলী বেগম বিকালে সাদুল্লাপুর থানায় আবেদন করেন যে, তার ছোট ভাই মধু মিয়াকে মেরে ফেলা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হবে।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মধু মিয়ার মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।