পুলিশ গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী এলাকার একটি পুকুর থেকে সাইদুল ইসলাম সায়েম (১৭) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।
পুলিশ বলছে, সহপাঠীর প্রেমে বাধা দেওয়ার কারণে সাইদুলকে হত্যা করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলো সাইদুলের সহপাঠী মোবারক হোসেন জাবেদ (১৭) ও স্থানীয় রাজমিস্ত্রী মো. সোহেল (১৯)। তাদের বাড়ি পশ্চিম গোমদণ্ডী এলাকায়। নিহত সাইদুল একই এলাকায় নানাবাড়িতে থেকে পড়াশোনা করত।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল ইসলাম বলেন, সাইদুলের সহপাঠী জাবেদ তার (সাইদুল) এক আত্মীয়ার সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু সাইদুল এতে বাধা দেয়। এ ঘটনার জের ধরে সোমবার রাতে তাকে ডেকে নেয় মোবারক। সোহেলের সহযোগিতায় সাইদুলের গলায় গামছা পেঁচিয়ে খুন করে লাশ পাশের পুকুরের ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহত সায়েমের বাবা মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর বিকেলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তারা খুন করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।