সাংবাদিক পেটাল ছাত্রলীগ নেতা

দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সংবাদদাতা ও চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি রাকিবুল হাসান রাকিবের ওপর হামলা হয়েছে। গত সোমবার রাতে চুয়েট ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দীনের অনুসারী আশরাফ-উল নাঈম এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, একটি অনলাইন সংবাদ মাধ্যমে গত চার জানুয়ারি চুয়েটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের খবর প্রকাশিত হয়। সংবাদে মোসলেহ উদ্দীনের নাম পরের দিকে থাকায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। সোমবার তিনি আশরাফ উল নাঈম নামে তার এক প্রতিনিধিকে পাঠিয়ে রাকিবুল হাসানকে তার কক্ষে যেতে বলেন। সেখানে যাওয়ার পর তারা প্রকাশিত সংবাদের বিষয়ে রাকিবুলের কাছে কৈফিয়ত চান। একপর্যায়ে মোসলেহ উদ্দীনের উপস্থিতিতে আশরাফ উল নাঈম রাকিবুলকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন এবং তাকে মেরে ফেলার হুমকি দেন। পরবর্তীতে রাকিবুল আহত অবস্থায় কোনমতে ঐ কক্ষ থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যান।
এ বিষয়ে মোসলেহ উদ্দীনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি চিত্কার শুনে রুমে গিয়ে ঘটনার মীমাংসা করে দিয়েছি। এটা চুয়েট ছাত্রলীগ সম্পৃক্ত কোনো ঘটনা নয়। চুয়েট ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান পাভেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অতীতে এ ধরনের ঘটনায় কখনোই ছাত্রলীগের পক্ষ থেকে অভিযুক্তদের সমর্থন দেয়া হয়নি, এখনো দেয়া হবে না।

উল্লেখ্য, মোসলেহ উদ্দীন ও আশরাফ উল নাঈম উভয়েই চুয়েটের আবাসিক হল থেকে আজীবন বহিষ্কৃত। চুয়েটের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং রাউজান প্রেস ক্লাব এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।