চাঁদপুরে পিকেটারদের ধাওয়ায় আহত অটোরিক্সা যাত্রীর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় সোমবার রাতে পিকেটারদের ধাওয়া খেয়ে গুরুত্বর আহত সিএনজি অটোরিক্সা যাত্রী অলোক চক্রবর্তী (৩৫) গতকাল মঙ্গলবার ঢাকায় নেয়ার পথে মারা গেছেন।

সোমবার রাত ৮টার দিকে ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে হামলার শিকার হন অলোক চক্রবর্তী। তার গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলার ফতেপুর ইউনিয়নের বড়ুলিয়া এলাকায়। তিনি এলাকায় পূজা-অর্চনায় পুরোহিতের কাজ করতেন। পাশাপাশি ওষুধও বিক্রি করতেন।
শাহরাস্তি থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, গুরুতর আহত অলোককে চাঁদপুর সদর হাসপাতালে  নেয়ার পর তার অবস্থার অবনতি হয়। রাতেই ঢাকায় নেয়ার পথে মতলব ফেরিঘাটে তার মৃত্যু হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, অলোক রাতে অটোরিক্সায় করে শাহরাস্তি থেকে বাবুরহাট এলাকায় যাচ্ছিলেন। পথে পিকেটাররা তার অটোরিক্সার দিকে ইট ছোঁড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাহনটি উল্টে যায় এবং অলোক গুরুতর আহত হন।

পারিবারিক সূত্রে জানা যায়, তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। মাত্র দেড় বছর আগে অলোক চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় বিয়ে করেন। তার স্ত্রী চাঁদপুর সরকারি কলেজে বিএ পড়ছেন।