কুমিল্লা, আশুলিয়া, টাঙ্গাইল ও ঝালকাঠিতে দুর্ঘটনায় নিহত ৭

কুমিল্লার বুড়িচংয়ে ট্রাক চাপায় ৪ নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। সোমবার গভীর রাতে জেলার বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের বুড়িচং উপজেলার পূর্ণমতি নোয়াপাড়া গ্রামের দরিয়ারপাড় এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় নিহতরা হলেন- সালমা আক্তার, জাহানারা বেগম, মনোয়ারা বেগম ও রাশেদা বেগম।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বুড়িচং উপজেলার পূর্ণমতি নোয়াপাড়া গ্রামের মিজানুর রহমান, তার স্ত্রী সালমা আক্তার ও আশপাশের বাড়ির মোট ৮ জন সোমবার রাতে পার্শ্ববর্তী বারেশ্বর গ্রামের হারুনুর রশিদের বাড়িতে মাইজভান্ডারী ওয়াজ মাহফিল শুনতে যান। মাহফিল শুনে হেঁটে পূর্ণমতি নোয়াপাড়া গ্রামের বাড়ি ফিরছিলেন তারা। পূর্ণমতি নোয়াপাড়া গ্রামের দরিয়ারপাড় এলাকায় পৌঁছামাত্র দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে আরো ৩ জন মারা যান। নিহতরা হলেন- পূর্ণমতি নোয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী সালমা আক্তার (৩০), একই গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী রাশেদা বেগম (৫৫), মৃত সেকান্দর আলী ভুঁইয়ার স্ত্রী জাহানারা বেগম (৬৫) ও আবদুর রাজ্জাকের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫)। দুর্ঘটনায় গুরুতর আহত একই গ্রামের আবুল কাশেমের স্ত্রী জাহেদা খাতুন (৬০), জহিরুল ইসলামের স্ত্রী বিলকিস আক্তার (৩৫) ও আলী আকবরের স্ত্রী সাহেরা খাতুনকে (৬০) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে সামান্য দূরে থাকায় মিজানুর রহমান বেঁচে যান। গতকাল মঙ্গলবার নিহতদের তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুড়িচং থানার ওসি জহিরুল ইসলাম জানান, সোমবার মধ্যরাতে মাহফিল শেষ করে বাড়ি ফেরার পথে দরিয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা পূর্ণমতি গ্রামের পাশাপাশি বাড়ির বাসিন্দা। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।
আশুলিয়ায় ট্রাকচাপায় পড়ে
মোটরসাইকেল আরোহী নিহত
ইত্তেফাক রিপোর্টার জানান, মঙ্গলবার আশুলিয়ার চক্রবর্তী এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল সকালে আশুলিয়ার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবর রহমান (৪০) জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তা ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী মজিবরকে বামপাশ থেকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে পড়ে যান। এসময় ডানপাশে থাকা বালুভর্তি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ট্রাক বা ড্রাইভারকে আটক করা যায়নি। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
গোপালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের  গোপালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে রবিবার রাতে এক মেধাবী স্কুল ছাত্র নিহত ও ২ জন আহত হয়েছে। নিহত সাজানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাকিল (১৬) ধাপাকান্দি ইউনিয়নের উত্তরভুটিয়া চরাবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহতদের নাম হায়দর আলি (১৭) ও রাজু (১৬)।
কাঠালিয়ায় মোটরসাইকেল চাপায় নিহত ১

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা জানান, ঝালকাঠির কাঠালিয়ায় মোটরসাইকেল চাপা পড়ে মোঃ মোশারেফ হোসেন খান (৪০) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের কৈখালী বাজারের দক্ষিণ পাশে ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারেফ হোসেন খান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসেন খানের চাচা ও রামপুর গ্রামের মরহুম হেমায়েত উদ্দিন খানের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাঠালিয়া-কৈখালী-ভাণ্ডারিয়া সড়কের কৈখালী বাজারের দক্ষিণ পাশে সকালে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে দাত ব্রাশ করছিলেন মোশারেফ হোসেন। এ সময় কাঠালিয়া থেকে কৈখালীগামী মোটরসাইকেলটি তাকে চাপা দেয়। স্বজনরা গুরুতর আহত মোশারেফ হোসেনকে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।