ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। এর আগে চলতি মাসের ১৯ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত নিজ নিজ হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল আগ্রহী প্রার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন ছাত্রসংগঠন এবং জোট মিলে মোট ১০টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া স্বতন্ত্রভাবে বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীরা শেষ পর্যন্ত অন্য কোনো প্যানেলে নির্বাচন করবে অথবা নিজেরাই সমন্বয় করে এক বা একাধিক স্বতন্ত্র প্যানেল তৈরি করতে পারে বলেও জানা গেছে। অন্যদিকে, আওয়ামী লীগের হাইকমান্ডের সঙ্গে আলোচনার ভিত্তিতে ইতিমধ্যে ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে।
ডাকসু নির্বাচনে অংশ নেয়া প্যানেলগুলো হলো- বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), বাংলাদেশ ছাত্রমৈত্রী, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বাংলাদেশ স্বাধিকার আন্দোলন এবং বাকি দুটি স্বতন্ত্র জোট।
ছাত্রলীগের বিদ্রোহীদের প্যানেল প্রত্যাহার: ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে একটি অংশ বিদ্রোহী প্যানেল দেয়ার পর আবার প্যানেলটি প্রত্যাহার করে নিয়েছে। জানা গেছে আওয়ামী লীগের হাইকমান্ডের সাথে আলোচনার ভিত্তিতে প্যানেল প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় তারা। পরবর্তীতে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তারা প্যানেল প্রত্যাহার করেন।
জানতে চাইলে বিদ্রোহী প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রত্যাশী আমিনুল ইসলাম বুলবুল বলেন, প্যানেলে বিষয়ে আমাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মিটিং হয়। সেখানে আমরা যে কারণে প্যানেল দিলাম সে বিষয় নিয়ে কথা হয়। তারা আমাদের বুঝিয়েছেন। এজন্য আমরা প্যানেল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
আলী আশরাফের অবস্থান: তিন পয়েন্টে ভোটকেন্দ্র, মিডিয়া ও পর্যবেক্ষকদের নজরদারিসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন আলী আশরাফ। ভিসি চত্বরে বসে এ কর্মসূচি পালন করছেন তিনি। এর আগে গত বছর ডাকসু নির্বাচনের দাবিতে টানা পনেরোদিন অনশন কর্মসূচি পালন করে আলোচনায় এসেছিলেন তিনি।