কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাল্টপাল্টি সমাবেশ ডাকায় বুধবার এই আদেশ দেয় স্থানীয় প্রশাসন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ১৫ দিন আগেই আজ ৭ জানুয়ারি বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি আওলাদ হোসেন মাস্টারের স্মরণসভা করার প্রস্তুুতি নেয়া হয়। বিষয়ঢটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, দৌলতপুর থানার ওসি ও স্কুল কর্তৃপকে অবহিত করা হয়। কিন্তু মঙ্গলবার রাতে দৌলতপুর আসনের এমপি রেজাউল হক চৌধুরীর সমর্থকরা সেখানে পাল্টা সভা আহ্বান করে।
এর ফলে উপজেলা প্রশাসন বুধবার সকাল আটটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকল ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে।
এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ বলেন, স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ক্যাডার বাহিনী পরিকল্পিতভাবে আমাদের দলীয় নেতার স্মরণসভা পণ্ড
করার জন্য পাল্টা সভা আহ্বান করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমূল হক পাভেল জানান, সংঘর্ষের আশংকায় সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।