বিএনপির অবরোধ চলাকালে বুধবার নোয়াখালীর মাইজদীর কল্যাণ হাই স্কুল এলাকায় দুইদফায় পুলিশের শর্টগানের গুলিতে সাতজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির মিছিল চলাকলীন সময়ে পুলিশ আসতে দেখে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ এসে এলোপাতাড়ি গুলি ছুড়লে এই ঘটনা ঘটে।
ডাঃ ফরিদ উদ্দিন জানান, আহতদের মধ্যে পার্লার মালিক মারজাহান (৩০) ও চা দোকানের কর্মচারী হৃদয়কে (২৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর গুলিবিদ্ধ দেলোয়ার, তামিম, মিলন ও জহিরুলসহ চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া আহত মটর ওয়ার্কশপের মালিক রিয়াজ একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেয়।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, ১৫-২০ জন পিকেটার রাস্তায় ব্যারিকেট দেয়ার সময় পুলিশ দেখে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ শর্ট গানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। তবে এ ঘটনার সময় কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না তা জানাতে পারেননি তিনি।