ঘুষের টাকা ফেরত দিলেন সমাজসেবা কর্মকর্তা

রাজিবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল মঙ্গলবার ঘুষের টাকা ফেরত দিয়েছেন।

রোগী কল্যাণের চেক প্রদান, বয়স্ক ভাতা, নতুন নামে প্রতিবন্ধী ভাতা ও মৃত ব্যক্তির ভাতার নামের পরিবর্তনে ঘুষ গ্রহণের অভিযোগ এনে উপজেলার নাছিমা বেগম ও মোহনগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য রেফাজ উদ্দিন নামে দু’ব্যক্তি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে ২ ফেব্রুয়ারি ইত্তেফাকে সংবাদ প্রকাশ হওয়ার পর তদন্ত শুরু হয়। তদন্ত শেষে প্রথম ধাপে ১২ ফেব্রুয়ারি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (অতি.দা.) মো. ফজলুল হক তদন্ত করে অভিযোগের বিষয়ে প্রমাণ পান। দ্বিতীয় ধাপে ২৫ ফেব্রুয়ারি রংপুর বিভাগীয় সামজসেবা অধিদপ্তরের পরিচালক (অতি.দা.) অনিল চন্দ্র বর্মন তদন্ত করেও ঘুষ গ্রহণের প্রমাণ পেলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেন।

অভিযুক্ত মো. ইসমাইল হোসেন বলেন, অভিযোগটি স্যার তদন্ত শেষে স্থানীয়ভাবে মীমাংসা করে দিয়েছেন। রংপুর বিভাগীয় সামজসেবা অধিদপ্তরের পরিচালক (অতি.দা.) অনিল চন্দ্র বর্মন বলেন, তাকে এক মাস সময় দেওয়া হয়েছে, ভালো না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।