কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে বুধবার রাতে দাঁড়িয়ে থাকা কর্ডোভা পরিবহণের একটি বাসে আগুণ দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়।
গাড়ির মালিক বরুড়া উপজেলার সুন্দরদুল গ্রামের মৃত বেনু চন্দ্র দের পুত্র বিমল দে জানান, বুধবার রাত সোয়া আটটায় পদুয়ার বাজার বিশ্বরোড ট্রাক টার্মিনালে দাঁড়িয়ে থাকা কর্ডোভা পরিবহণের বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩১৪৬) তে আগুণ দিয়েছে দুর্বৃত্তরা। গাড়িটি গত ১৫ দিন যাবত এখানে রেখে গাড়ির ইঞ্জিনের কাজ করছিলেন বলে গাড়ির মালিক জানিয়েছে। খবর পেয়ে সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়। সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রেজাউল করিম জানান, বাসে আগুনের ফলে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত পাল জানান, ইঞ্জিনবিহীন এ বাসটি গত ৬/৭ মাস যাবত উক্ত স্থানে পড়ে রয়েছে। বিড়ি-সিগারেট জাতীয় কোন কিছু থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।