মুক্তিযুদ্ধের যত বই

মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। খ্যাতিমান সাহিত্যিকরা মুক্তিযুদ্ধ ও একাত্তরের পটভূমি নিয়ে যেমন রচনা করেছেন কবিতা, গল্প, উপন্যাস; তেমনি গবেষকরাও তুলে আনছেন মুক্তিযুদ্ধভিত্তিক নানা রচনা। তরুণ পাঠক থেকে শুরু করে নানা বয়সের মানুষ বইমেলা থেকে আগ্রহ নিয়ে কিনছে মুক্তিযুদ্ধভিত্তিক নানা গ্রন্থ। আবার মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের ঘটনার প্রতিও মানুষের আগ্রহ কম নয়। মুক্তিযোদ্ধা আজাদের মাকে নিয়ে আনিসুল হকের উপন্যাস ‘মা’ মেলায় বেস্ট সেলের তালিকায় রয়েছে। বাংলা একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের তথ্যানুযায়ী, মেলার প্রথম ২৬ দিন পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থের সংখ্যা ৯৭টি।

বইমেলায় মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য বই

বিশ্বখ্যাত চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ লিখেছেন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক গ্রন্থ ‘আমার মুক্তিযুদ্ধ’। প্রকাশ করেছে ‘অন্যপ্রকাশ’। ভাষা সংগ্রামী রফিকুল ইসলামের ‘বীরের এ রক্তস্রোত মাতার এ অশ্রুধারা’ (আগামী), মুনতাসীর মামুনের ‘ভিনদেশিদের মুক্তিযুদ্ধ’ (সময়), পাভেল রহমানের ‘আমার মুক্তিযুদ্ধ’ (মাওলা ব্রাদার্স), পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড প্রকাশ করেছে-লেখক ও   গবেষক মুনতাসীর মামুনের ইংরেজিতে লেখা ‘জয় বাংলা’, লেখক ও গবেষক সালেক খোকনের ‘রক্তে রাঙা একাত্তর’, সুজাতা আজিমের ‘শিমুলির একাত্তর’ ও মাহবুব রেজার ‘যুদ্ধে যাবার দিন’ এবং মঞ্জু সরকারের শিশুতোষ বই ‘ডিজিটাল দীপু আর মুক্তিযোদ্ধা দাদু’, কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে সালেক খোকনের ‘১৯৭১ : যাঁদের ত্যাগে এলো স্বাধীনতা’ এবং স.ম শামসুল আলমের ‘মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা’, অন্বেষা থেকে প্রকাশিত হয়েছে-রাজনৈতিক ওবায়দুল কাদেরের ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও অন্যান্য’, সাইদ হাসান দারা’র ‘শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিবৃত্ত’ ও শামস সাইদের ‘ধানমন্ডি ৩২ নম্বর : গণঅভ্যুত্থান পর্ব’, রোদেলা থেকে প্রকাশিত হয়েছে রঞ্জনা বিশ্বাসের যৌথ গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধে খ্রিস্টান সম্প্রদায়’, সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে লেখক ও গবেষক মুনতাসীর মামুনের ‘ভিনদেশিদের মুক্তিযুদ্ধ’; ড. চৌধুরী শহীদ কাদেরের ‘মুক্তিযুদ্ধে ভারতের চিকিত্সা সহায়তা’ ও মাসুদা ভাট্টি’র ‘বাঙালির মুক্তিযুদ্ধ ব্রিটিশ দলিলপত্র’। অনন্যা থেকে প্রকাশিত হয়েছে ইমদাদুল হক মিলনের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘একাত্তর ও একজন মা’, প্রতীক প্রকাশনা সংস্থা প্রকাশ করেছে এ কে এম শাহনাওয়াজের দু’টি বই-‘কিশোরদের বঙ্গবন্ধু : বড় মানুষের গল্প’ ও ‘৭ মার্চের ভাষণ : বিশ্ব ঐতিহ্য দলিল’, তাম্রলিপি থেকে প্রকাশিত হয়েছে মুহম্মদ জাফর ইকবালের ‘রাজাকার ইজ্জত আলীর জীবনের একদিন’ ও তাহমিনা বেগমের ‘কিশোরীর যুদ্ধদিনের স্মৃতি’, জার্নিম্যান বুক্স থেকে প্রকাশিত হয়েছে এইচ টি ইমামের ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু : প্রাসঙ্গিক ভাবনা’।

মাজহারুল ইসলামের ‘ঘটনা ও দুর্ঘটনার গল্প’ গ্রন্থের প্রকাশনা উত্সব

মঙ্গলবার মেলায় প্রকাশ হয়েছে মাজহারুল ইসলামের গল্পগ্রন্থ ‘ঘটনা কিংবা দুর্ঘটনার গল্প’। এদিন জার্নিম্যন বুকসে বইটির প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহম্মাদ সামাদ, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, জার্নিম্যানের প্রকাশক ও কবি তারিক সুজাত। এতে স্বস্ত্রীক উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম।

মৃণাল সেনকে স্মরণ

গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় চলচ্চিত্রজন মৃণাল সেন, আমজাদ হোসেন ও আনোয়ার হোসেন : শ্রদ্ধাঞ্জলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সাজেদুল আউয়াল। আলোচনায় অংশগ্রহণ করেন ম. হামিদ, তপন বাগচী এবং বিধান রিবেরু। সভাপতিত্ব করেন সৈয়দ হাসান ইমাম।