নানিয়ারচর উপজেলার বগাছড়িতে আবারো বাঙ্গালীদের ১ লক্ষ ৮২ হাজার আনারস ও ১০ হাজার সেগুনের চারা উপড়ে ফেলেছে সন্ত্রাসীরা। ২৩ দিনের মাথায় অভিনব কায়দায় বাগান না কেটে নতুন সৃজিত আনারসের চারাগুলো উপড়ে ফেলেছে এবং সেগুন চারা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাঙ্গালী আনারস বাগান চাষীরা। গত মঙ্গলবার মধ্যরাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের পাহারায় উপজাতীয় লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন বাঙ্গালী কৃষকরা।
বগাছড়ি থানার ইনচার্জ মোঃ হোসেল জানান, বাঙ্গালীরা যখন অভিযোগ করে তাদের বাগান কেটে নিয়ে গেছে তখন আমি এবং আমার সঙ্গী ফোর্সসহ কয়েকজন বাগানে আসি। তখন দেখতে পাই বিশাল বাগানের আনারস চারাগুলে উপড়ে ফেলেছে। আমরা যখন বাগানের উপরিভাগে উঠি তখন পার্শ্ববর্তী উপজাতীয় গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীরা বসে আছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ আসলে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়।