সিলেটে বিএনপির হরতাল চলছে



সিলেট বিএনপির ডাকে সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সিলেট মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে সিলেট বিএনপি।
হরতালের শুরুতেই নগরীর চৌহাট্টা এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা ঝাটিকা মিছিল করেছে। এ সময় মিছিলকারীরা ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। সকাল পৌনে ৮টার দিকে নগরীর আলিয়া মাঠের পাশে এ ঘটনা ঘটে।  পরে ঘটনাস্থলে পুলিশ আসলে তারা পালিয়ে যায়। সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।