কেমিক্যাল গুদাম দ্রুত সরানোর ব্যবস্থা নিন :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, অতীতের ব্যর্থতা নিয়ে কাউকে দোষারোপ না করে পুরান ঢাকা থেকে দ্রুত কেমিক্যাল গুদাম সরানোর ব্যবস্থা নিন। মানুষকে বাঁচাতে হলে এর কোনো বিকল্প নেই। এক্ষেত্রে আর কোনো অজুহাত দেখতে চাই না। ট্যানারি যদি সরানো যায়, তাহলে কেমিক্যাল কেন সরানো যাবে না? এটা বাংলাদেশের মানুষের দাবি। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চকবাজারের অগ্নিকাণ্ডে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জে কেমিক্যাল পল্লী প্রস্তুত করতে হবে। এরপর পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সেখানে স্থানান্তর করতে হবে। প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও পুরান ঢাকা থেকে কেমিক্যাল ব্যবসায়ীদের সরাতে হবে। মোহাম্মদ নাসিম বলেন, আমি ব্যবসায়ীদের বলবো সঠিক সময়ে সঠিক জায়গায় চলে যাওয়ার জন্য। নিমতলী ও চকবাজারের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে।

এর আগে দুপুরে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে বার্ন ইউনিটে যান মোহাম্মদ নাসিম। কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে মোহাম্মদ নাসিম রোগীদের স্বজনদের কাছে দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণআজাদী লীগের এসকে শিকদার, বাসদের রেজাউর রশিদ খান, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. অসীত বরণ রায়, সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, মোর্শেদ কামাল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।