বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে ১ নারী নিহত

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে বগুড়ার গাবতলী উপজেলার পল্লীতে বিলকিস (৩৬) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন । আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার তল্লাতলা পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে । নিহত বিলকিস ঐ গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে এবং সহিদুল ইসলামের স্ত্রী। 
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন জানান, উপজেলার বালিয়াদীঘি তল্লাতলা পূর্বপাড়া গ্রামের তোফাজ্জল ও টনি মন্ডলদের মধ্যে ৩১ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমাও রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টনি মন্ডল ও তার লোকজন প্রতিপক্ষ তোফাজ্জল হোসেনের লাগানো ৫১ শতক জমির ধান কাটতে গেলে তোফাজ্জলের লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ঘ বাধে । সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাত ও মারপিটে তোফাজ্জল হোসেনের মেয়ে বিলকিসসহ ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিলকিসকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৫ টা পর্যন্ত এ ব্যাপারে কোন মামলা দায়ের করা হয়নি।