দীর্ঘ ১৪ মাস বাইরে থাকার পর বিস্ময়করভাবে নিউজিল্যান্ড বিশ্বকাপ চূড়ান্ত দলে দলে ডাক পেলেন অলরাউন্ডার গ্রান্ট ইলিয়ট। নিজ মাঠে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে।
ইলিয়টকে অন্তর্ভুক্ত করার কারণে দল থেকে বাদ পড়েছেন জিমি নিশাম। বুধবার শ্রীলংকার বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ী নিউজিল্যান্ডের হয়ে দারুণ পারফরমেন্স করেছেন নিশাম।
ম্যাট হেনরিকে বাদ দিয়ে দলের পঞ্চম ফাস্ট বোলার হিসেবে সুযোগ পেয়েছেন উঠতি গতি-দানব এডাম মিলনে। পঞ্চম বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন অভিজ্ঞ স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। সফল টেস্ট দলটি থেকে বিশ্বকাপ স্কোয়াডে মোট সাত জনকে রাখা হয়েছে।
২০১৩ সালের নভেম্বরে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ নিজের ৫১তম ওয়ানডে খেলা ৩৫ বছর বয়সী ইলিয়টের ব্যাটিং গড় ২৯ দশমিক ৭৯ এবং ২৭ দশমিক ২৫ গড়ে মোট ৩০ উইকেট শিকার করেছেন তিনি।
বিশেষ করে ব্যাট হাতে চমত্কার একটি ঘরোয়া মৌসুম শেষ করার পুরস্কার হিসেবে দলে পুনরায় ডাক পেয়েছেন ইলিয়ট।
কোচ মাইক হেসন বলেন, ‘গ্রান্টের অন্তর্ভুক্তির ফলে আমাদের মিডল অর্ডার শক্তিশালী হয়েছে। তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কন্ডিশনে তার রেকর্ড অসাধারন।’
বোলিং ইউনিটের নেতৃত্বে থাকবেন টেস্টে নতুন বলের জুটি টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট। তাদের সহায়তা দেবেন কাইল মিলস, মিচেল ম্যাকক্লেনাঘান এবং এডাম মিলনে।
নিউজিল্যান্ড দল- ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, গ্রান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, টম লাথাম, মিচেল ম্যাকক্লেনাঘান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, লুক রঞ্চি, টিম সাউদি, রস টেইলর, প্যানিয়েল ভেট্টরি ও কেন উইলিয়ামসন।