দীর্ঘ ১৯ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্রগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনা কবলিত আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটির উদ্ধার কাজ সম্পন্নের পর ০৮ জানুয়ারী বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ট্রেন চলাচল শুরু হয়। স্থানীয় রেল স্টেশন সূত্র ট্রেন চলাচল শুরু হওয়ার খবর নিশ্চিত করেছে।
উল্লেখ্য, আন্তঃনগর উদয়ন ট্রেনটি গত বুধবার দিবাগত রাত ২টা ৪৫মিনিটে দুর্ঘটনা কবলিত হয়। দূর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কুলাউড়ার টিলাগাও ও মনু ষ্টেশনের মধ্যবর্তী চকসালন এলাকায় পৌছুলে রেলের ফিসপ্লেট খোলা থাকায় ট্রেনের ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় রেলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে ক্ষতির পরিমান এ মুহুর্তে নিশ্চিত করা সম্ভব হয়নি। লাইন চালু হওয়ার পর বিভিন্ন স্থানে আটকে পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দ্যেশ্যে ছেড়ে যাচ্ছে। এই সেকশনে ট্রেনের শিডিউল বিপর্যয় কেটে উঠতে ৩-৪ দিন সময় লাগতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারণা।