সড়ক রেল নৌপথ সচল রাখা হবে যে কোন মূল্যে----------স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যে কোন মূল্যে সড়ক, রেল  ও নৌপথ সচল রাখা হবে। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি সভাশেষে সাংবাদিকদের  তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,  বিএনপি অবরোধের ডাক দিয়েছে। তারা বলেছিল ঢাকা শহর অচল করে দেবে। কিন্তু ঢাকা শহর অচল হয়নি। দু’একটি স্থানে অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
বৈঠক সম্পর্কে তিনি বলেন, পরিবহন মালিকরা আমাদের কাছে নিরাপত্তা চেয়েছেন। আমরা তাদের নিরাপত্তা দেবো। তাদের সঙ্গে আলোচনা করে সিন্ধান্ত নিয়েছি সারাদেশে সর্বাত্মকভাবে পরিবহন চলাচল করবে।
বৈঠকে উপস্থিত বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সম্পাদক রুস্তম আলী খান বলেন, পরিবহন সচল রাখার ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ দেবে সরকার।
তিনি আরো বলেন, গত দুইদিন ধরে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-ময়মনসিংহে গাড়ি চলাচল শুরু হয়েছে। আশা করি আজ রাত থেকে (বৃহস্পতিবার) আগের মতোই যান চলাচল করবে।
নৌপরিবহন মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসলামুল হক, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ অহমেদ, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরাপত্তা) মোস্তাফা কামালউদ্দিন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং সড়ক পরিবহন নেতারা।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি বিএনপি কর্মসূচি পালন করতে না পেরে টানা অবরোধের ডাক দেয়। এর পর পর সারাদেশে বিএনপি ও জামায়াত-শিবির কর্মীরা সড়ক ও রেলপথে নাশকতা শুরু করে। বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যানে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ অবস্থায় সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয় পণ্য পরিবহন ও ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা দেয়ার জন্য।