মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা টিমের সাবেক একজন নারী সদস্য তাকে জোর করে চুম্বনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন। এছাড়া নারী হবার কারণে তাকে পুরুষদের তুলনায় কম বেতন দেয়ায় লিঙ্গ বৈষম্যের অভিযোগও আনতে যাচ্ছেন তিনি। ওই নারীর নাম আলভা জনসন।
সোমবার ফ্লোরিডার একটি জেলা আদালতে লিখিত অভিযোগের উপর শুনানিতে ওই নারী বলেন, অন্যান্য নারীদের প্রতিও প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের হয়রানিমূলক আচরণ করেছেন। তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় গাড়িতে করে যাওয়ার সময় তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন ট্রাম্প। হেচকা টান দিয়ে তাকে খুব কাছাকাছি নিয়ে যান। জনসন জানান, তিনি নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু ট্রাম্প জোর করে তার মুখের পাশে চুম্বন করেন। ফ্লোরিডার ট্যাম্পায় ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন ওই নারী। তবে এ ধরনের ঘটনার কথা অস্বীকার করেছে হোয়াইট হাউস। এমনকি এর আগেও বেশ কয়েকজন নারীর আনা এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।