কমলনগরে অবরোধকারীদের ধাওয়ায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু



লক্ষ্মীপুরের কমলনগরে অবরোধকারীদের ধাওয়ায় গাছের সাথে ধাক্কা খেয়ে মো. ইউছুফ (৩৫) নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই ভাই আবদুল মতিন ও সোলাইমান। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের হাফিজিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউছুফ নোয়াখালীর আন্ডারচর  এলাকার আবদুল হাসিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সালিশ বৈঠক শেষে  ইউছুফ তার দুই ভাইসহ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। হাফিজিয়া মাদ্রসা এলাকা পৌঁছলে অবরোধকারীরা পিছন থেকে তাদের ধাওয়া করে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ইউছুফের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে এবং আহতদের প্রথমে উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে পরে অবস্থার অবনতিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।