ভেনিজুয়েলায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে আকাশসীমা লঙ্ঘন করতে দেবে না ব্রাজিল

যুক্তরাষ্ট্র যদি ভেনিজুয়েলায় সামরিক হামলা চালাতে চায় তবে নিজের আকাশসীমা লংঘন করতে দেবে না ব্রাজিল। ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মাউরো গতকাল একথা বলেছেন। তিনি বলেছেন, মাদুরোর সরকারকে উত্খাত করতে সামরিক হামলা চালালে যে সফলতা পাওয়া যাবে এমন নিশ্চয়তা কেউ দিতে পারছে না। তাই অযথা রক্তপাতে ব্রাজিল উত্সাহ দেবে না। যুক্তরাষ্ট্র যদি নিজের গরজে হামলা চালাতে যায় তবে কোনোভাবেই ব্রাজিলের আকাশসীমা লংঘন করতে পারবে না। সেটি করার চেষ্টা করলে প্রতিহত করা হবে।

ব্রাজিল ইতিমধ্যে ভেনিজুয়েলায় গুয়াইদোকে সমর্থন দিয়েছে। তারপরেও দেশটিতে হামলার পক্ষে নয় ব্রাজিল। গুয়াইদোকে সমর্থন দেয়ায় ভেনিজুয়েলায় বিদেশি মানবিক ত্রাণ প্রবেশ বন্ধে ব্রাজিল সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিরোধীরা যাতে ত্রাণ নিয়ে আসার চেষ্টায় সফল না হতে পারে সেজন্য কলম্বিয়ার সঙ্গে ভেনিজুয়েলার সীমান্তও বন্ধ করে দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে টিভিতে এক বক্তব্যে জানিয়েছেন মাদুরো। তার দেশে কোনোরকম মানবিক সংকট থাকার কথা প্রেসিডেন্ট মাদুরো অস্বীকার করেছেন এবং বিদেশি ত্রাণ সরবরাহের পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের সাজানো নাটক আখ্যা দিয়েছেন।