পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ অবরোধকারী গুলিবিদ্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চৌকিদহ ব্রিজের কাছে অবরোধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সকাল বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই জন হলেন, উল্লাপাড়ার উলিপুর গ্রামের শিবিরকর্মী জান্নুল ও চৌকিদহ গ্রামের আব্দুল বাতেন। তাদেরকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে জেলা শিবিরের সভাপতি সোলায়মান হোসেন ও অফিস সম্পাদক কিবরিয়াকে আটক করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি ককটেল, বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, তিনটি ছুরি, ব্যানার ও একটি ডিসকভারি মোটরসাইকেল উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ সমর্থক একদল জামায়াত-শিবিরের নেতা-কর্মী চৌকিদহ ব্রিজের কাছে টায়ার জ্বালিয়ে যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পুলিশের ওপর আক্রমণ চালায়। এ সময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটনায়। পরে পুলিশ শর্টগানের চার রাউন্ড গুলি ছুড়লে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
সহকারী পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।