উল্লাপাড়ায় পুলিশ ছাত্র-শিবির সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ এবং ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি ককটেল বোমা ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এ সময় জেলা ছাত্রশিবিরের সভাপতি সোলাইমান হোসেন ও শিবির নেতা গোলাম কিবরিয়াকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার শ্রীখোলা মোড় সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকার চৌকিদহ ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। 
গুলিবিদ্ধ শিবির নেতারা হলেন, উল্লাপাড়া উত্তর ছাত্র শিবিরের সভাপতি আব্দুল বাতেন, উল্লাপাড়া উপজেলা দক্ষিন শাখার সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সলঙ্গা থানার আলম ডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র জান মো. জান্নু।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ছাত্র-শিবির নেতা-কর্মীরা উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা মোড় সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকার চৌকিদহ ব্রিজে রাস্তা অবরোধ করে মিছিল করছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিবির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বোমা নিক্ষেপ করে। এ ঘটনায় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল আহত ও ছাত্র শিবিরের দুই নেতা গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি ককটেল বোমা ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার ও দুই শিবির নেতাকে আটক করে। 
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা এ তথ্য নিশ্চিত করে জানান, ছাত্র শিবিরের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা ও ধারালো অস্ত্র উদ্ধার ও দুই শিবির নেতাকে আটক করে।