গাইবান্ধায় সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর, ৩ ট্রাকে আগুন

রংপুর-ঢাকা মহাসড়কে গাইবান্ধায় বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সেনাবাহিনীর গাড়িসহ ৬/৭টি যানবাহন ভাঙচুর এবং তিনটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এছাড়া অবরোধকারীদের ধাওয়ায় দুটি ট্রাক উল্টে খাদে পড়ে গেলে ট্রাকের চালক ও চালকের সহকারীসহ সাত পান ব্যবসায়ী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ এ সময় ১২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অবরোধকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটনায় এসময় শিবিরের এক কর্মীকে পুলিশ আটক করে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান জানান, রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের ফিলিং স্টেশন এলাকায় রাত সাড়ে এগারো টার দিকে ৮/১০ জন যুবক অবরোধের সমর্থনে রংপুর থেকে আসা বগুড়াগামী তেলের খালি ড্রামবাহী একটি ট্রাক আগুন দিয়ে পুড়ে দেয়। এর পরপরই রাত সাড়ে ১২টার দিকে অবরোধকারীরা উপজেলা সদরের মহেশপুর ব্র্যাক মোড়ের কাঁচামাল বাজার এলাকায় ঢাকাগামী আলু বোঝাই দুইটি ট্রাক ভাঙচুর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ট্রাক তিনটির চালক ও চালকের সহকারীরা লাফিয়ে প্রাণে রক্ষা পান। কিন্তু তাৎক্ষণিক পুলিশ সেখানে পৌঁছে গেলে ট্রাক দু’টির তেমন ক্ষতি হয়নি।
তিনি আরো জানান, মহাসড়কের দুই পাশের গ্রামে অবস্থান নিয়ে জামায়াত-শিবিরের কর্মীরা সড়কে এভাবে চোরাগুপ্তা হামলা চালায়। এ সময় তারা পুলিশের গাড়ী লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ২০ টি ককটেল বিস্ফোরণ করে। পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে ১২০ রাউন্ড রবার বুলেট নিক্ষেপ করে।