বিশ্বজুড়ে ১৮ শত কর্মী ছাঁটাই করবে কোকা-কোলা

 
প্রায় ৩০০ কোটি ডলার খরচ কমাতে বিশ্বজুড়ে এক হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে কোকা-কোলা।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক কোমল পানীয় উত্পাদক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ইতিমধ্যে কর্মীদের এ বিষয়টি জানানো শুরু হয়েছে এবং ছাঁটাইয়ের প্রক্রিয়াটি আসছে মাসগুলোতে সম্পন্ন হবে।
 
কোকা-কোলা বলেছে, “ছাঁটাই প্রক্রিয়ায় কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত ও দায়বদ্ধ আচরণ এবং যথার্থ ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” 
 
বিশ্বজুড়ে কোকা-কোলার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় এক লাখ ৩০ হাজার কর্মী।
 
সমপ্রতি যুক্তরাষ্ট্রের কোমল পানীয়ের বাজারে মন্দা যাচ্ছে, যার প্রভাব পড়েছে কোকা-কোলা উপরও। আর এ বিবেচনাতেই গত অক্টোবরে প্রতিষ্ঠানটি ২০১৯ সালের মধ্যে ৩০০ কোটি ডলার খরচ কমানোর পরিকল্পনার কথা জানিয়েছিল।
 
২০১৪ সালে প্রথম নয়মাসে ৬৩০ কোটি ডলার নিট আয় হয়েছে কোকা-কোলার, যা তার আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৭ শতাংশ কম। এছাড়া ওই প্রতিষ্ঠানটির পরিচালন আয় ছিল ৩৫১ কোটি ডলার, যেটি তার আগের বছরের তুলনায় ২ শতাংশ কম। সূত্র রয়টার্স