ফেনীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আবদুল কাদের মিয়ার গাড়িতে বোমা হামলা করেছে অবরোধকারী পিকেটাররা। হামলায় ম্যাজিস্ট্রেট গুরুতর আহত হয়েছেন। তাকে শহরের উপশম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে শহরে এসএসকে সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এডিসি (জেনারেল) এনামুল হক জানান, শুক্রবার রাত ৯টার দিকে বিজিবির একটি টহল দলের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদের মিয়া আসছিলেন। তাদের গাড়ি শহরের এসএসকে সড়কের জহিরিয়া মসজিদের কাছে পৌঁছালে সেখানে থাকা অবরোধকারীরা গাড়ি লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করে। এতে ম্যাজিষ্ট্রেট আবদুল কাদের মিয়া গুরুতর আহত হন। তাকে উপশম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ফেনী ডায়াবেটিস হাসপাতালে নেয়া হয়েছে।
উপশম হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, ম্যাজিস্ট্রেট আবদুল কাদের মিয়ার শরীরে বেশ কয়েকটি স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল হক বলেন, তার চোখের চারদিকেও স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। হামলায় জড়িতদের ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।