টানা এক মাস ৮দিন বন্ধের পর আবারো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া শনিবার সকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। শুক্রবার রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ইবি থানার অফিসার ইনচাজ (ওসি) মহিবুল ইসলাম জানান, শুক্রবার সকালে শেখপাড়া বাজার থেকে ছাত্রদল-শিবির যৌথভাবে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে আসলে পেছন থেকে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে ৮-৯ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পরে বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় টিয়ারশেলে শিবিরের ৪ নেতা-কর্মী আহত হয়। এ ঘটনায় রাতে এক জরুরী সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনিবার্য কারন দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাশ ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে এবং শনিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নিদের্শ দেয়া হয়।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাস চাপায় এক শিক্ষার্থী নিহতের জেরে টানা এক মাস ৮দিন বন্ধের পর বৃহস্পতিবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় খুলেছে।