রাঙ্গামাটিতে সংঘর্ষ, ১৪৪ ধারা

 
মেডিক্যাল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ’র নেতা-কর্মীদের মাঝে সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল নয়টার দিকে শহরের হ্যাপীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন রাঙ্গামাটি শহরে ১৪৪ ধারা জারি করেছে। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাঙ্গামাটি মেডিক্যাল উদ্বোধনের প্রতিবাদে অবরোধ ডাকে সন্তু লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। অবরোধ চলাকালীন শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে সরকারদলীয় যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা র‌্যালি নিয়ে মেডি্ক্যাল কলেজ এলাকায় যেতে থাকলে কোর্ট বিল্ডিং এলাকায় অবস্থান নেয়া অবরোধ সমর্থক পিসিপি’র নেতা-কর্মীদের ধাওয়ার মুখে পড়ে।
এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ অন্তত ২০ রাউন্ড গুলি চালানোর পাশাপাশি বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোতয়ালী থানার ওসি-সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় শহরের ইসলামী ব্যাংক-রূপালী ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে অবরোধকারীরা। বেলা সাড়ে দশটা পর্যন্ত শহরে উত্তেজনা বিরাজ করছিল।