শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘দেশীয় শিল্প বিকাশে সরকারের সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘মোবাইল ফোন, মোটরগাড়ি থেকে শুরু করে সম্ভাব্য অন্যান্য শিল্পে উদ্যোক্তারা এগিয়ে আসলে পলিসিগত সব বাধা পর্যায়ক্রমে দূর করা হবে।’ গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার টার্গেট আছে আমাদের। ওয়ালটন যেভাবে এগিয়ে যাচ্ছে, তারা যেভাবে যন্ত্রাংশ থেকে শুরু করে ফ্রিজ, টিভি, মোটরসাইকেল, এসি তৈরি করছে তাতে বলা যায়—বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবেই।’
এ সময় অন্যদের মধ্যে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্র্রিজের চেয়ারম্যান এস এম শামসুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, ওয়ালটন মাইক্রোটেকের অ্যাডমিন ও এইচআর প্রধান লে. কর্নেল (অব.) শাহাদাত আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মন্ত্রী ২৫৪ লিটার বা ১৫ সিএফটির নতুন মডেলের একটি ফ্রিজের বিপণন কার্যক্রম উদ্বোধন করেন।