সিরাজগঞ্জের এনায়েতপুরের সৈয়দপুর এলাকায় পুলিশ-আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুইটি সিএনজি অটোরিক্সা ও দুইটি দোকান ভাঙচুর করেছে অবরোধকারী বিএনপি কর্মী-সমর্থকরা।
পুলিশ ও উভয় দলীয় সূত্রে জানা গেছে, রবিবার হরতাল ও অবরোধ চলাকালে সকালে বিএনপির নেতা-কর্মীরা এনায়েতপুর পাঁচিল সড়কে অবস্থান নিয়ে সরকার বিরোধী নানা শ্লোগান দেয়। এ সময় তারা সৈয়দপুর বাজারের কাছে দুইটি সিএনজি অটোরিকশা এবং পাঁচিল বাজারে দুইটি দোকান ভাঙচুর করে। পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।