উল্লাপাড়ায় যাত্রীবাহী সিএনজিতে আগুন

বগুড়া-নগড়বাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রাবাহী একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে হরতাল সমর্থক পিকেটাররা। রবিবার সকাল ১০টায় উল্লাপাড়া পৌর এলাকার বিজ্ঞান কলেজের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রাবাহী সিএনজি অটোরিকশাটি উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ রোডে যাচ্ছিল। উল্লাপাড়া বিজ্ঞান কলেজ এলাকায় পৌঁছালে অবরোধকারীরা অটোরিকশা থেকে চালক খোকনকে নামিয়ে দিয়ে এটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। উল্লাপাড়া পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন জানান, ফল নিয়ে সিএনজিটি সিরাজগঞ্জ রোডের দিকে যাচ্ছিল। এ সময় হরতালকারীরা সিএনজিটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।