গেল মাসে বস্ত্র খাতের রপ্তানি আয় বাড়ায় এ খাতের দিকে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ খাতের কোম্পানিগুলোর শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে দেড় শতাংশ। এ ছাড়া, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির বেশির ভাগ ছিল বস্ত্র খাতের। লেনদেন বৃদ্ধিতেও বস্ত্র খাত এগিয়ে রয়েছে। এ খাতে ৫২ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা বাজারের মোট লেনদেনের ১৭ শতাংশ।
এ দিকে রবিবার শেয়ারবাজারে সার্বিক মূল্য সূচক আগের কর্মদিবসের তুলনায় কমেছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩০৮ কোটি ৪৪ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ১৪ কোটি ১৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭৯ পয়েন্ট কমে ১৫ হাজার ১৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৭ লাখ টাকার। যা আগের কর্মদিবসের চেয়ে ১ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৩৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের।
এ দিকে, সিএসই সূত্রে জানা গেছে—বাংলাদেশ ফান্ডের ইউনিটপ্রতি সম্পদ (এনএভি) প্রকাশ করা হয়েছে। গত ৬ জানুারির হিসাব অনুযায়ী এ সম্পদ মূল্য প্রকাশ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ ফান্ডের ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে ইউনিটপ্রতি সম্পদের বাজার মূল্য ১০৭ দশমিক ৮৯ টাকায় দাঁড়িয়েছে। এ ফান্ডের ইউনিটের বিক্রয় এবং পুনঃক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১১১ টাকা ও ১০৮ টাকা। বর্তমানে ক্রয়মূল্য অনুসারে বাংলাদেশ ফান্ডের মোট সম্পদ দাঁড়িয়েছে ১ হাজার ৮২৯ কোটি ১৬ লাখ ৯০ হাজার ৬০১ দশমিক ৮৮ টাকা এবং বাজার মূল্য অনুসারে ১ হাজার ৮১৬ কোটি ৬১ লাখ ১ হাজার ৪৭৮ দশমিক ২৮ টাকা। জানা গেছে— বাংলাদেশ ফান্ড একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড। পুঁজিবাজারের ধস সামাল দিতে ২০১১ সালের ১১ মে এ ফান্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। ফান্ডটির আকার নির্ধারণ করা হয় ৫ হাজার কোটি টাকা। কিন্তু উদ্যোক্তারা প্রতিশ্রুতি অনুযায়ী মূলধন না দেয়ায় দেড় হাজার কোটি টাকা দিয়ে এর কার্যক্রম শুরু করা হয়।