মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের আলীরটেক কাউয়াদি গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে নিখোঁজ মা কহিনুর রহমান ইভার (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ি পুলিশ ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত তার ৩ মাসের সন্তান মোহাম্মদের খোঁজ পাওয়া যায়নি। নিহত ইভা মুন্সীগঞ্জ শহরের শিলমন্দি এলাকার জিয়াউর রহমানের স্ত্রী। জিয়াউর রহমান একটি কোরিয়ান কোম্পানির প্রকৌশলী বলে জানা গেছে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার মোহাম্মদপুর ভাড়া থাকেন। এ ঘটনায় সোমবার মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সোমবার বিকালে ঢাকার সদরঘাট থেকে এমভি ইমাম হাসান-২ নামের লঞ্চ যোগে ইভা মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা দেন। তবে পথভ্রষ্ট হয়ে তিনি চাঁদপুরের পথে চলে যান। এদিকে লঞ্চটি চাঁদপুরের ষাটনল এলাকায় পৌঁছালে তার কোল থেকে সন্তান মোহাম্মদ নদীতে পড়ে যায়। এমতাবস্থায় সন্তানকে বাঁচাতে মা ইভা মেঘনায় ঝাঁপ দেন। এ ঘটনায় মা ও সন্তান দুইজনই নিখোঁজ ছিল।